লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ
আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। তাদের সেই বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি ইনানসহ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ হওয়ার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
.png)
ভিডিওটিতে দেখা যায় লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। বিক্ষোভ মিছিলটি সদর উপজেলার রায়পুর-লক্ষ্মীপুর সড়কে হয়েছে। ভিডিও যাচাই ও খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলটি জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর-চাঁদপুর বর্ডার বাজার এলাকায় হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মিছিলটি সদরে কোথাও হয়নি। এটি রায়পুর বর্ডার বাজার এলাকায় হয়েছে বলে জানতে পেরেছি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।