ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজার থেকে পানের ঝুড়িতে ইয়াবার চালান, চট্টগ্রামে আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৭, ২৩ নভেম্বর ২০২৬
কক্সবাজার থেকে পানের ঝুড়িতে ইয়াবার চালান, চট্টগ্রামে আটক ১
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে পানের ঝুড়ির আড়ালে ইয়াবা পাচারের অভিনব কৌশল ধরা পড়েছে। পানভর্তি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে সাদা কাপড়ের শপিং ব্যাগে লুকিয়ে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে পানের ঝুড়ির আড়ালে ইয়াবা পাচারের অভিনব কৌশল ধরা পড়েছে। পানভর্তি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে সাদা কাপড়ের শপিং ব্যাগে লুকিয়ে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। 

আজ (সোমবার) সকালে এসআরবি-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ ঘটনায় ফজলুল কাদের (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরের চান্দগাঁও থানার রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটের মেসার্স হযরত মালেক শাহ নামের পানের আড়তের সামনে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়িতে তল্লাশি চালিয়ে সাদা কাপড়ের শপিং ব্যাগে লুকানো ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও কারবারিদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান , আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!