ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
দেশের চলমান পরিস্থিতি নিয়ে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকটি প্রায় এক ঘণ্টা চলতে পারে।
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন নাহিদ ইসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক জরুরি ব্রিফিংয়ে তিনি জানান, দেশের সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে এনসিপি সাড়া দেবে।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ টেলিফোনে তাদের সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন। চলমান নাশকতা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন এবং নিজের অবস্থানও তুলে ধরবেন।
এনসিপির পর জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলকেও ধারাবাহিকভাবে সংলাপে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিদেশ সফর থেকে দেশে ফিরলে আগামী ২৭ বা ২৮ নভেম্বর দলটির সঙ্গে সংলাপ হতে পারে।