ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইট-পাথরের নগরীতে এক টুকরো সবুজ অভয়ারণ্য: ঐতিহ্যবাহী গুয়াংজু চিড়িয়াখানা
দক্ষিণ চীনের অন্যতম ব্যস্ত ও আধুনিক বাণিজ্যিক মহানগরী গুয়াংজু। আকাশচুম্বী অট্টালিকা, দ্রুতগতির মেট্রোরেল আর কর্মব্যস্ত মানুষের নিরন্তর কোলাহলের মাঝেই শহরের ইউয়েক্সিউ জেলার সিয়ানলিয়ে মিডল রোডে সগৌরবে দাঁড়িয়ে আছে এক টুকরো সবুজ স্বর্গরাজ্য—ঐতিহ্যবাহী গুয়াংজু চিড়িয়াখানা।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি কেবল চীনের অন্যতম প্রাচীন ও বৃহত্তম চিড়িয়াখানাই নয়; বরং বন্যপ্রাণী সংরক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা এবং পরিবেশ শিক্ষার এক অনন্য কেন্দ্রবিন্দু হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
জানা গেছে, গুয়াংজু চিড়িয়াখানার ইতিহাস বেশ সমৃদ্ধ ও বিবর্তনমূলক। ১৯২৮ সালে বর্তমানের গুয়াংজু পিপলস পার্কে একটি ছোট প্রাণী প্রদর্শনী কেন্দ্রের মাধ্যমে এর যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে প্রাণীকুলের সংখ্যা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনার প্রয়োজনে ১৯৫৮ সালের ১ জানুয়ারি বর্তমান স্থানে আনুষ্ঠানিকভাবে গুয়াংজু চিড়িয়াখানার দ্বার উন্মোচিত হয়। প্রতিষ্ঠার পর থেকে গত ছয় দশকেরও বেশি সময় ধরে এটি গুয়াংডং প্রদেশের মানুষের শৈশব, কৈশোর এবং পারিবারিক বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।
বেইজিং ও সাংহাই চিড়িয়াখানার পর এটিকেই চীনের তৃতীয় বৃহত্তম এবং অন্যতম গুরুত্বপূর্ণ চিড়িয়াখানা হিসেবে গণ্য করা হয়। প্রায় ৪২ হেক্টর (প্রায় ১০৪ একর) বিশাল এলাকাজুড়ে বিস্তৃত এই সবুজ প্রাঙ্গণটি প্রতি বছর দেশি-বিদেশি প্রায় ৪০ লাখেরও বেশি দর্শনার্থীকে আকৃষ্ট করে।
সরিজমিনে ঘুরে দেখা গেছে, গুয়াংজু চিড়িয়াখানায় বর্তমানে দেশি-বিদেশি প্রায় ৪০০ প্রজাতির ৫ হাজারেরও বেশি প্রাণী ও পাখির বসবাস। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণী চীনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির রাষ্ট্রীয় সুরক্ষিত বন্যপ্রাণী। চিড়িয়াখানাটিকে প্রাকৃতিক পরিবেশের আদলে বেশ কয়েকটি অংশে সাজানো হয়েছে, যাতে প্রাণীরা খাঁচার বন্দিদশার পরিবর্তে নিজেদের চিরচেনা আবাসস্থলের আমেজ পায়।
চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান হলো জায়ান্ট পান্ডা প্যাভিলিয়ন। চীনের জাতীয় সম্পদ হিসেবে পরিচিত এই আদুরে প্রাণীগুলোকে একনজর দেখতে প্রতিদিন এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে। বিশেষ করে ‘সিং ই’ এবং ‘ইয়া ই’ নামের দুটি পান্ডার খুনসুটি ও আয়েশ করে বাঁশ খাওয়ার দৃশ্য শিশু থেকে বৃদ্ধ—সবার মন জয় করে নেয়। শান্ত পান্ডা যেমন রয়েছে তেমনি বিলুপ্তপ্রায় বাঘ সংরক্ষণে এই চিড়িয়াখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া সাইবেরিয়ান বাঘ, আফ্রিকান সিংহ, চিতাবাঘ এবং কালো ভালুকের জন্য রয়েছে সুপরিসর প্রাকৃতিক বেষ্টনী।
রয়েছে তৃণভোজী প্রাণী জিরাফ, জেব্রা, এশীয় হাতি, জলহস্তী এবং গণ্ডারের মতো বিশালাকার প্রাণীদের জন্য রয়েছে উন্মুক্ত ঘাসজমি ও জলাশয়। দর্শনার্থীরা এখানে খুব কাছ থেকে জিরাফকে পাতা খাওয়ানোর রোমাঞ্চকর অভিজ্ঞতাও নেওয়ারও সুযোগ রয়েছে।
এদিকে চিড়িয়াখানার অন্য গ্যালারিতে এক বিশাল অংশজুড়ে রয়েছে জাল দিয়ে ঘেরা কৃত্রিম অরণ্য, যেখানে ফ্লেমিঙ্গো, ময়ূর, সারস, টিয়া এবং বিরল প্রজাতির ধনেশসহ শত শত প্রজাতির পাখি মুক্তভাবে উড়ে বেড়ায়। অন্যদিকে, সরীসৃপ গ্যালারিটি সাজানো হয়েছে অজগর, কুমির, বিভিন্ন প্রজাতির কচ্ছপ ও রঙিন ব্যাঙের সমারোহে—যা শিক্ষার্থীদের জীববিজ্ঞান সম্পর্কে বাস্তব ও হাতে-কলমে ধারণা দেয়।
সব কিছু মিলিয়ে সরেজমিনে গুয়াংজু চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। পরিবার-পরিজন, শিক্ষার্থী এবং বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত পুরো প্রাঙ্গণ। চিড়িয়াখানার পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে কথা হয় বেশ কয়েকজন দর্শনার্থীর সঙ্গে।
স্থানীয় বাসিন্দা ও পেশায় প্রকৌশলী চেন ওয়েই তাঁর সাত বছর বয়সী ছেলেকে নিয়ে ঘুরতে এসেছিলেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, “ছোটবেলায় আমি আমার বাবা-মায়ের হাত ধরে এই চিড়িয়াখানায় আসতাম। আজ নিজের ছেলেকে নিয়ে এসেছি। সময়ের সঙ্গে সঙ্গে চিড়িয়াখানাটি অনেক আধুনিক হয়েছে। আগে প্রাণীদের ছোট খাঁচায় রাখা হতো, কিন্তু এখন তাদের জন্য অনেক খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে বাচ্চাদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।”
গুয়াংজুর একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী তানভীর আহমেদ বন্ধুদের সঙ্গে এসেছিলেন সপ্তাহান্তের ছুটি কাটাতে। মুগ্ধতা প্রকাশ করে তিনি জানান, “গুয়াংজু চিড়িয়াখানার প্রবেশমূল্য খুবই সাশ্রয়ী—মাত্র ২০ ইউয়ান, যা শিক্ষার্থীদের জন্য দারুণ ব্যাপার। ভেতরের পরিচ্ছন্নতা এবং সবুজ গাছপালার সমারোহ দেখে মনেই হয় না যে এটি একটি ব্যস্ত শহরের মাঝখানে অবস্থিত। বিশেষ করে জায়ান্ট পান্ডা এবং ফ্লেমিঙ্গো পাখির ঝাঁক দেখে আমি অভিভূত। প্রতিটি প্রাণীর বেষ্টনীর সামনে চীনা ও ইংরেজি ভাষায় বিস্তারিত তথ্য লেখা থাকায় অনেক অজানা বিষয় জানতে পারছি।”
অন্যদিকে, ইউরোপ থেকে আসা পর্যটক সারা জেনকিন্স চিড়িয়াখানার সংরক্ষণ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “আমি বিশ্বের অনেক দেশের চিড়িয়াখানা ঘুরেছি। গুয়াংজু চিড়িয়াখানার সবচেয়ে ভালো দিক হলো এর প্রাকৃতিক ছায়াঘেরা পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি তাদের দায়বদ্ধতা। এখানে শুধু বিনোদন নয়, বরং বিপন্ন প্রাণীদের রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করার যে প্রয়াস দেখলাম, তা সত্যিই প্রশংসনীয়।”
গুয়াংজু চিড়িয়াখানা কেবল একটি বিনোদন কেন্দ্র নয়; এটি চীনের বন্যপ্রাণী প্রজনন ও গবেষণার একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বিপন্ন প্রজাতির প্রাণী—বিশেষ করে দক্ষিণ চীন বাঘ, সোনালি বানর এবং বিরল প্রজাতির সারস পাখির কৃত্রিম প্রজনন ও বংশবিস্তারে এখানকার বিজ্ঞানীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। নিয়মিতভাবে এখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য পরিবেশ শিক্ষা কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী এবং সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আধুনিক নগরায়নের চাপে যখন বিশ্বজুড়ে বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হয়ে আসছে, তখন গুয়াংজু চিড়িয়াখানা প্রকৃতি ও মানুষের মধ্যে এক নিবিড় সেতুবন্ধন হিসেবে কাজ করছে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে গড়ে ওঠা এই সবুজ অভয়ারণ্যটি আগামী প্রজন্মের কাছেও প্রাণপ্রকৃতিকে ভালোবাসার বার্তা পৌঁছে দিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সবার।