ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক হত্যা (এসআরবি)-১০ এর হাতে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২, ২৩ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক হত্যা (এসআরবি)-১০ এর হাতে  গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ইজিবাইক চালক মুন্না (২৯) হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গত রোববার (২২ নভেম্বর) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)। অভিযানের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, পরিচয়পত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১০-এর তথ্য অনুযায়ী, নিহত মুন্না যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ী এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গত ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ইজিবাইক নিয়ে ভাড়ায় বের হন মুন্না। এরপর তিনি আর বাসায় ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।

একই দিন দুপুর দেড়টার দিকে মৃধাবাড়ী থেকে ডাকাতবাড়ী যাওয়ার গলির মাঝামাঝি ওয়াসার পানির খালে একটি মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা পরনের পোশাক দেখে মরদেহটি মুন্নার বলে শনাক্ত করেন। তার গলা, মুখ ও মাথায় কাটা জখম ছিল। মুখ দিয়ে ফেনাযুক্ত রক্তও বের হচ্ছিল।

এ ঘটনায় মুন্নার বোন বাদী হয়ে ২০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার পাঠানো চাহিদাপত্রের ভিত্তিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরপর আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ২২ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় হাসানাবাদ এলাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে জুয়েল, রাত ৯টা ৫০ মিনিটে হারুন মিয়া এবং রাত সাড়ে ১১টার দিকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!