ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

পাঁচ বছরে শিক্ষার্থীদের এইচআইভি শনাক্ত দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩, ২৩ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে শিক্ষার্থীদের এইচআইভি শনাক্ত দ্বিগুণ
ছবি: সংগৃহীত

দেশে নতুন করে এইচআইভি শনাক্ত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীর হার পাঁচ বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২১ সালে নতুন শনাক্তদের ৭ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী থাকলেও ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১৭ শতাংশে দাঁড়িয়েছে।

গত বছর দেশে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯১ জন। তাঁদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন, যা মোট শনাক্তের ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন বা ১৪ দশমিক ৫০ শতাংশ এবং ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন বা ৪ দশমিক ৪৩ শতাংশ ছিলেন শিক্ষার্থী।

তথ্য অনুযায়ী, ২০২২ সালের পর থেকে নতুন শনাক্তদের মধ্যে শিক্ষার্থীদের হার ধারাবাহিকভাবে বেড়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সচেতনতার ঘাটতি ও অনিরাপদ সম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক প্রচার, পরীক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনার পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করা জরুরি।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, বিদেশি তহবিল কমে যাওয়ায় এইচআইভি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা কমে গেছে।

তিনি বলেন, স্কুল ও ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ খাতে নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৩১৩। গত বছর এইডসে আক্রান্ত ২১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এ রোগে মোট ২ হাজার ৬৬৬ জনের মৃত্যু হয়েছে।

গত বছর নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২১ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ২০ থেকে ২৪ বছর। ১৫ থেকে ১৯ বছর বয়সী ছিলেন ৪ দশমিক ৮৭ শতাংশ। সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ৪৯ বছর।

বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। তাঁদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, বেশি মানুষকে স্ক্রিনিংয়ের আওতায় আনার কারণে শনাক্তের সংখ্যা বাড়ছে। তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ কমেছে।

বিভাগটির এক উপস্থাপনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা পাওয়ার সীমিত সুযোগ এবং মাত্র ২৩টি জেলায় এইচআইভি পরীক্ষার সুবিধা থাকা এ রোগ মোকাবিলার বড় চ্যালেঞ্জ। এ ছাড়া সচেতনতার ঘাটতি, সমন্বয়হীনতা ও আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্যও পরিস্থিতি মোকাবিলায় প্রতিবন্ধকতা তৈরি করছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!