ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৭, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় বিস্ফোরকবাহী জাহাজ জব্দ
সংগৃহীত ছবি

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান ও লাখ লাখ খালি সিমকার্ডসহ একটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি আফ্রিকার দ্বীপরাষ্ট্র কোমোরোসের পতাকাবাহী। জাহাজটির নির্ধারিত গন্তব্য ছিল বাংলাদেশের মোংলা বন্দর।

জব্দ করা রাসায়নিক উপাদানটির নাম সোডিয়াম পারক্লোরেট। এটি রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমের (এআইএস) তথ্যেও মোংলা বন্দরের নাম গন্তব্য হিসেবে উল্লেখ রয়েছে। তবে এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ বক্তব্য দিতে রাজি হননি।

মেরিটাইম অপটিমা ও ভেসেল ফাইন্ডারের তথ্য বিশ্লেষণ করে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, জাহাজটি চীনের শিডাও ও লিয়ানইউঙ্গাং বন্দর থেকে যাত্রা শুরু করে। এরপর ৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরে অবস্থান করে। ৮ নভেম্বর জাহাজটির মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল।

আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ম্যাজিক পোর্ট ও মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপক সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ড্রিমলাইন কমোডিটিস ডিএমসিসি। আর নিরাপত্তা ব্যবস্থাপক হংকংভিত্তিক ফুজিয়ান সাকসেস ওশান শিপিং।

ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম কুমপারান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটি আটক করা হয়।

গত শুক্রবার বেলাওয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, ৭ নভেম্বর নৌবাহিনীর একটি টহল জাহাজ বেলাওয়ান জলসীমায় দায়িত্ব পালন করছিল। এ সময় জ্বালানি নেওয়ার অপেক্ষায় থাকা এমভি স্টার লাইনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। জাহাজটি ঠিকমতো দিক পরিবর্তন করছিল না। এ ছাড়া সেটির সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না।

পরে টহল জাহাজের সদস্যরা এমভি স্টার লাইনে তল্লাশি চালান। জাহাজটির ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া লাখ লাখ খালি ফোরজি এলটিই সিমকার্ডভর্তি ৫৪টি প্যালেট উদ্ধার করা হয়।

জাতীয় নিরাপত্তার স্বার্থে বিপজ্জনক রাসায়নিকটি জব্দ করা হয়েছে বলে জানান ডেনি সেপ্টিয়ানা। তিনি বলেন, যথাযথভাবে সংরক্ষণ করা না হলে এই রাসায়নিক থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইরানের বন্দর আব্বাস ও যুক্তরাষ্ট্রের নেভাদায় সোডিয়াম পারক্লোরেট থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলেও উল্লেখ করেন তিনি।

জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়মকানুন যথাযথভাবে মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই নৌ কর্মকর্তা।

সোডিয়াম পারক্লোরেটের ব্যবহার

সোডিয়াম পারক্লোরেট থেকে অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরি করা হয়। এটি মহাকাশ গবেষণায় ব্যবহৃত রকেট বুস্টার ও স্যাটেলাইট উৎক্ষেপণযানের কঠিন জ্বালানির অন্যতম প্রধান উপাদান। এ ছাড়া সোডিয়াম পারক্লোরেট থেকে পটাশিয়াম পারক্লোরেট উৎপাদন করা হয়, যা আতশবাজি ও জরুরি সংকেত দেওয়ার ফ্লেয়ার তৈরিতে কাজে লাগে।

ডিএনএ ও আরএনএ পৃথক্‌করণ, খনি ও নির্মাণশিল্প এবং বস্ত্রশিল্পেও রাসায়নিকটির ব্যবহার রয়েছে।

বৈধ শিল্পকারখানায় ব্যবহার থাকলেও সোডিয়াম পারক্লোরেটের অক্সিজেন সরবরাহের উচ্চ ক্ষমতার কারণে সাধারণ দাহ্য পদার্থের সঙ্গে মিশে এটি ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। এ কারণে আন্তর্জাতিক সমুদ্র পরিবহন বিধিতে এটিকে বিপজ্জনক পণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আমদানি-রপ্তানির ক্ষেত্রে কঠোর সরকারি অনুমোদন প্রয়োজন।

বাংলাদেশে সোডিয়াম পারক্লোরেটসহ এ ধরনের বিপজ্জনক রাসায়নিক আমদানির ক্ষেত্রে বিস্ফোরক আইন, ১৮৮৪ এবং বিস্ফোরক বিধিমালা, ২০০৪ অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। জলপথ বা আকাশপথে বিস্ফোরক কিংবা বিস্ফোরক তৈরিতে সহায়ক রাসায়নিক আমদানির আগে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শকের কাছ থেকে আমদানি লাইসেন্স বা অনাপত্তিপত্র নিতে হয়।

এ ধরনের রাসায়নিক আমদানির আগে আমদানিকারকের নিজস্ব অথবা অনুমোদিত নিরাপদ গুদাম বা ম্যাগাজিন থাকতে হয়। এ জন্য বিস্ফোরক পরিদপ্তর থেকে ফরম-২২ অনুযায়ী মজুতের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। গুদামের নকশা, জমির মালিকানা বা ভাড়ার চুক্তিপত্র এবং ফায়ার সার্ভিসের ছাড়পত্রও জমা দিতে হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশ অনুযায়ী, নিয়ন্ত্রিত রাসায়নিক আমদানির ক্ষেত্রে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের অনুমোদিত উৎপাদন সক্ষমতার ভিত্তিতে ঋণপত্র (এলসি) খুলতে পারে। সাধারণ বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এ ধরনের রাসায়নিক আমদানি কঠোরভাবে সীমিত বা নিষিদ্ধ। রাসায়নিকের ধরন ও পরিমাণ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদনও প্রয়োজন হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!