ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ স্পটলাইট ]

ইউনূস-বিতর্কের আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংক, আতঙ্কে কর্মী ও গ্রাহকরা

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯, ১৭ নভেম্বর ২০২৬
ইউনূস-বিতর্কের আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংক, আতঙ্কে কর্মী ও গ্রাহকরা
রাতের অন্ধকারে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে চলমান রাজনৈতিক বিতর্ক ও ক্ষোভের রেশ এবার আছড়ে পড়েছে তাঁরই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ওপর। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটির একাধিক শাখায় অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো সহিংস ঘটনা ঘটেছে। রাতের আঁধার কিংবা প্রকাশ্য দিবালোকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ব্যাংকটির শাখা কার্যালয়গুলো এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের ওপর এমন হামলার যৌক্তিকতা নিয়ে জনমনে ও সুশীল সমাজে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

সংশ্লিষ্টরা বলছেন, এসব হামলা কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; বরং এর সঙ্গে জড়িত কোটি দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থার ওপরও বড় আঘাত।

গ্রামীণ ব্যাংকের তথ্যানুযায়ী, ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি গত পাঁচ দশক ধরে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্যমতে, দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি সদস্যকে সেবা দিচ্ছে ব্যাংকটি।

প্রতিষ্ঠানটি জানায়, গত ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সাত দিনে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের মোট ২০টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা চালানো হয়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা কয়েকটি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হলেও বেশ কয়েকটি শাখায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এর মধ্যে ১৫ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের উলপুর শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর এবং হার্ডডিস্ক লুটের ঘটনা ঘটে। একই দিন টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় অগ্নিসংযোগে কার্যালয়ের অধিকাংশ আসবাবপত্র ও নথিপত্র পুড়ে যায়। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিতে সারা দেশে কর্মরতদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

নিরাপত্তাহীনতার কথা জানিয়ে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বশির হোসেন বলেন, “প্রতিদিন সকালে অফিসের তালা খোলার সময় এক ধরনের অজানা ভয় কাজ করে। আমরা তো কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই, সাধারণ মানুষের আমানত আর ঋণের হিসাব সামলাই। নথিপত্র আর গ্রাহকদের সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি।”

মাঠপর্যায়ের একজন ঋণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিন কিস্তি আদায় ও ঋণ বিতরণের জন্য প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়। এখন মাঠে মানুষের মধ্যে নানা ধরনের উত্তেজনা দেখছি। অনেক গ্রাহকও ভয়ে আছেন, তারা জিজ্ঞেস করেন ব্যাংকের টাকা নিরাপদ কি না। নিজের নিরাপত্তা নিয়েও এখন আর আগের মতো নিশ্চিন্ত থাকতে পারছি না।”

ব্যাংকটির একজন জ্যেষ্ঠ নারী কর্মকর্তা জানান, অফিসে ঢোকার পর থেকে বাড়ি ফেরা পর্যন্ত পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় থাকেন। এমন মানসিক চাপ নিয়ে স্বাভাবিক দাপ্তরিক কাজ করা কঠিন হয়ে পড়েছে। 

সাম্প্রতিক এসব নাশকতামূলক ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানাধীন নয়; এটি ‘গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩’ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আইন অনুযায়ী ব্যাংকটির ৭৫ শতাংশ মালিকানা এর ঋণগ্রহীতা সদস্যদের এবং বাকি ২৫ শতাংশ সরকারের। পরিচালনা পর্ষদেও সদস্যদের নির্বাচিত ৯ জন প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ, সদস্যরাই এই ব্যাংকের মূল মালিক—তাই ব্যাংকের ক্ষতি করা মানে সাধারণ সদস্যদেরই সম্পদ ও ভবিষ্যৎ নষ্ট করা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের মালিকানা নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য নিকটস্থ শাখায় যোগাযোগ করতে এবং গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রচারের অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের জনসংযোগ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “ড. মুহাম্মদ ইউনূস এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেও দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি গ্রামীণ ব্যাংকের প্রশাসনিক বা নীতিনির্ধারণী কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত নন। বর্তমানে ব্যাংকটি সরকারের নির্ধারিত বিধিবিধান ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।”

স্থানীয় পর্যায়ের একাধিক সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা অনুযায়ী, বর্তমান সরকারের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষোভ থেকেই একটি মহল এই নাশকতা চালাচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস ২৪ এর  গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ নির্বাহী পদে আসীন থাকায় এবং গ্রামীণ ব্যাংক তাঁর দীর্ঘদিনের কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হওয়ায়, বিক্ষুব্ধ একটি অংশ প্রতীকীভাবে এই প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

আর্থিক প্রতিষ্ঠানের ওপর এ ধরনের সহিংস আক্রমণকে দেশের অর্থনীতি ও আইনের শাসনের জন্য অশনিসংকেত হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ প্রসঙ্গে বলেন, “গ্রামীণ ব্যাংক দেশের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কোটি মানুষের সঞ্চয় ও জীবিকা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। কোনো ব্যক্তির ওপর রাজনৈতিক ক্ষোভ থাকলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা উচিত। আর্থিক প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করলে বা আগুন দিলে বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়, যা সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণ এবং বর্তমান অর্থনৈতিক চাপ সাধারণ মানুষের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করেছে। সরকারের উচিত দ্রুত জনগণের অর্থনৈতিক দুর্দশা লাঘবে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যাতে কোনো মহল জনরোষকে পুঁজি করে নাশকতা চালানোর সুযোগ না পায়।

এদিকে সাম্প্রতিক এসব ঘটনার পর দেশের সব কটি জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়গুলোতে টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের আওতায় এনেছে। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষও নিজস্ব উদ্যোগে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আধুনিকায়ন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে।
 

ডেইলি-বাংলাদেশ/বিএম/এআর
স্পটলাইট জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!