মিরপুর-সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মিরপুর, ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।
মিরপুরে মজুরি বোর্ডের সভা স্থগিত এবং মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা। রাজধানীর পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান। তবে প্রায় এক হাজারের বেশি শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড় অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় দিনের জন্য ছুটি ঘোষণা করেন মালিকপক্ষ।
একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায়ও সড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
এদিকে, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
এদিকে, শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।