ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
হাসিনা ইস্যুতে মাঠে নেই অনেক পুরোনো মিত্র
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো অভূতপূর্ব ঐক্য দেখিয়েছিল। তবে ২০২৬ সালের নভেম্বরে এসে বদলে গেছে দৃশ্যপট। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টাকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। কিন্তু রাজপথে দলগুলোর সেই আগের মতো সরাসরি ও ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন অনুপস্থিত। সরকার পতনের আন্দোলনে সম্মুখসারিতে থাকা দলগুলোর একটি বড় অংশই এখন মাঠে নিষ্ক্রিয়।
দেখা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি রাজপথে সরাসরি সক্রিয় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ (ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল)। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট এবং সমমনা পেশাজীবী ও বামপন্থী দলগুলো (যেমন—বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ) এতে অংশ নেয়। পরবর্তী সময়ে ছাত্র নেতৃত্বের উদ্যোগে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে এবং প্রধান বিরোধী দল ও ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে রয়েছে জামায়াতে ইসলামী। ক্ষমতায় আসার পর বিএনপি সাংগঠনিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকায় রাজপথে দলীয়ভাবে আলাদা কোনো প্রতিরোধ কর্মসূচি পালন করছে না। মাঝেমধ্যে ছাত্রদল ও যুবদলের বিচ্ছিন্ন কিছু তৎপরতা দেখা গেলেও মূল দলের জ্যেষ্ঠ নেতারা বিষয়টিকে এড়িয়ে চলার কৌশল নিয়েছেন। এদিকে বিরোধী দলে থাকা জামায়াত ও তাদের জোটসঙ্গীরাও এখন পর্যন্ত রাজপথে বড় কোনো প্রতিরোধ কর্মসূচি দেয়নি। তারা সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে পর্যবেক্ষকের ভূমিকা পালন করছে।
অন্যদিকে, আন্দোলনের সময় রাজপথে দলীয় ব্যানারে সক্রিয় থাকা এবং ৫ আগস্টের প্রথম কারফিউ অমান্য করে রাস্তায় নেমে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশ শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে রাজপথে কোনো কর্মসূচি দেয়নি; দলটি কেবল বিবৃতি ও পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়া ছোট ও বামপন্থী দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য রাজনৈতিক দল, যা আন্দোলনের সময় বেশ সক্রিয় ছিল, বর্তমান পরিস্থিতিতে অনেকটাই নিষ্ক্রিয় এবং কেবল বিবৃতি ও আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর মধ্যে গোপন আঁতাত ও অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তোলেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, সরকারের কাছে স্পষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারতে অবস্থানরত পতিত স্বৈরাচার (আওয়ামী লীগ) এবং দেশে থাকা বিরোধী দল (জামায়াত) এক হয়ে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে ও অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে।
তারেক রহমানের এ বক্তব্যের পরদিনই জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। দলটির আমির ডা. শফিকুর রহমান ইঙ্গিতে কথা না বলে কোথায়, কখন এবং কীভাবে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত হয়েছে তার সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে হাজির করার জন্য সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। এছাড়া গত ১১ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে—এ কথার সঙ্গে আমি একমত। তবে এ রকম কথাও রয়েছে যে, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। এই সুড়সুড়ির পেছনে ওই দলের কোনো সম্পর্ক আছে কি না, দলটি কোনটি—স্বরাষ্ট্রমন্ত্রী তা স্পষ্ট করুন।” তিনি স্পষ্ট জানান, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই, যারা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাদেরই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। এ জন্য ছোটখাটো বিশৃঙ্খলাও নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের দলের নেতা-কর্মীরা ব্যস্ত চাঁদাবাজিতে। সরকার বা তাদের লোকজন মাঠে থাকার কথা বললেও আদতে তারা নেই। থাকবে বলেও জনগণ বিশ্বাস করে না।”
এদিকে সম্প্রতি গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আন্দোলন ও বক্তব্যের ভাষা রাজনীতির জন্য অশনিসংকেত বলে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি প্রশাসনিক উদ্যোগ এবং রাজনৈতিক ও সামাজিক পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তবে শেখ হাসিনার দেশে ফিরে আসাকে কেন্দ্র করে তাদের কোনো কর্মসূচি বা পদক্ষেপ নেই বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। তিনি মনে করেন, শেখ হাসিনা ফিরে আসার কথা বলে মাঠ গরম করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারবেন না। তাই ইসলামী আন্দোলন হাসিনাবিরোধী কোনো কর্মসূচির কথা আপাতত ভাবছে না।
একই কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, “হাসিনা ফিরে আসার কথা বললেও আমি নিশ্চিত তিনি আসবেন না। যদি ফিরেও আসেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। আমরা জুলাই যোদ্ধারা জেগে আছি।”
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “চোরাগোপ্তা মিছিল, ঝটিকা হামলা কিংবা ককটেল ফাটিয়ে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়। ১৭ বছরের দুঃশাসনের জন্য তারা জাতির কাছে কোনো ক্ষমা চায়নি। ফলে জনগণ তাদের গ্রহণ করবে না।”
তবে এসব দলেরই বেশ কয়েকজন নেতা একান্ত আলাপচারিতায় অভিযোগ করেন, “জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিএনপি শুরু থেকেই তাদের প্রতিশ্রুতি রাখেনি। জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে দলটির এমন অবস্থান স্পষ্টতই জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। সংস্কারের প্রশ্নে এই অনীহা ও প্রতারণার কারণেই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের ইস্পাতকঠিন ঐক্যে আজ ফাটল ধরেছে এবং দলগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যেও এখন এমন ধারণা তৈরি হচ্ছে যে, আওয়ামী লীগ ও বিএনপি মূলত একই মুদ্রার এপিঠ-ওপিঠ।”
তারা আরও বলেন, “বর্তমানে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছে, যেখানে জাতীয় ঐক্যের চেয়ে ক্ষমতার সমীকরণই মুখ্য হয়ে উঠেছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ অবাস্তব বলে মনে হয়। তবে আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তা মোকাবিলায় আমরা রাষ্ট্রীয় প্রশাসনের ওপরই নির্ভর করছি। সবশেষে, চলমান রাজনৈতিক পরিস্থিতিই বলে দেবে কখন কী সিদ্ধান্ত নিতে হবে।”
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, “প্রত্যর্পণ চুক্তি আইনের মাধ্যমে শেখ হাসিনা ফিরতে পারবেন। তবে এই প্রক্রিয়ায় ভারত তাকে ফেরত দেবে বলে মনে করি না। আর এক্ষেত্রে ডিসেম্বরে তার ফেরার কোনো সম্ভাবনা দেখছি না।” তবে তিনি এও মনে করেন, আওয়ামী লীগ মাঠ উত্তপ্ত করতে চাইলে ‘শত্রুর শত্রু মিত্র’ নীতিতে বিএনপি ও জামায়াতের মধ্যে আবারও ঐক্য হতে পারে।