ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, বিএনপি কার্যালয়ে ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১৪ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, বিএনপি কার্যালয়ে ভাঙচুর
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে আকস্মিক মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচির মধ্যে টুঙ্গিপাড়ার বর্ণি বাজারে একটি মিছিল থেকে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। অন্যদিকে, কাশিয়ানীর ফুকরা-গোপালপুর এলাকায় মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বাজার এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিল থেকে বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। বাইরে বের হলে তার ওপর হামলা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ কারণে তিনি বাসা থেকে বের হননি। বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরে জড়িতদের ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এ ধরনের মিছিল কিংবা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের খবর পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, শনিবার সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা-গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার। মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের সারিবদ্ধভাবে হেঁটে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে এসব মিছিলের তথ্য পাওয়া গেছে। জেলার বিভিন্ন স্থানে আকস্মিক রাজনৈতিক কর্মসূচি ও বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!