[ দেশজুড়ে ]
বিজিবির নজরদারি জোরদার
শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই প্রযুক্তি
মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বৃদ্ধি। ছবি: ডেইলি বাংলাদেশ।
শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। সীমান্ত নিরাপত্তায় টহল কার্যক্রমে যুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি), ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। এ ছাড়া পরিচালনা করা হয়েছে বিশেষ মহড়া।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহের ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল ও হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। বাড়তি জনবল ও নতুন প্রযুক্তির ব্যবহারে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও কার্যকর হবে বলে আশা করছে বিজিবি।
ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!