ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১৪ নভেম্বর ২০২৬
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে। একই ভিডিওতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানকেও দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে নাহিদ খান ও মিজানুর রহমানকে ইয়াবা সেবন করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় নাহিদকে দল থেকে আজীবন বহিষ্কারের দাবিও জানান বিএনপির একাধিক নেতা-কর্মী।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে এই দুই নেতার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগও তোলা হয়েছে। এ ছাড়া এক ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ রয়েছে নাহিদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা ছাত্রদলের নির্দেশনায় এক চিঠির মাধ্যমে নাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাহিদ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরুরি সিদ্ধান্ত অনুযায়ী বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, তার দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ছাত্রদল কোনো অপ্রীতিকর কর্মকাণ্ড সমর্থন করে না।

ডেইলি-বাংলাদেশ/কলাপাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!