শেরপুরে গণিত উৎসবে ৫০ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
‘গণিতকে করব জয়’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘গণিত উৎসব ও শিক্ষা বৃত্তি-২০২৬’-এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় শেরপুরের খরমপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুনাক, শেরপুরের সভানেত্রী সাদিয়া রহমান।
প্রতিযোগিতায় শেরপুরসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতি শ্রেণিতে মেধাক্রম অনুযায়ী পাঁচজন করে মোট ৫০ জন কৃতী শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বিজয়ীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও এককালীন শিক্ষাবৃত্তি তুলে দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতচর্চায় আগ্রহী করে তোলা এবং তাদের যুক্তিনির্ভর চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেরপুর জেলা পুলিশের এ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের সহসভাপতি ও পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ, শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর প্লেস প্রাঙ্গণে এ গণিত উৎসব ও বৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শেরপুরসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৩৭০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।