কেন্দুয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবকের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী রাতে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য নিজেদের বসতঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী চাচাতো ভাই পরিচয়ের তিন যুবক তাকে মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের গোরস্থানের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং একপর্যায়ে ওই ছাত্রী ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে।
পরে জ্ঞান ফিরে পেয়ে নিজেকে ঘটনাস্থলে একা অবস্থায় দেখতে পায় সে। সেখান থেকে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামে তাঁর এক বান্ধবীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরদিন সকালের দিকে বিষয়টি ভুক্তভোগীর পরিবারের সদস্যদের জানানো হলে তার বাবা সেখানে গিয়ে নিজের মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।
এদিকে ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) ও ফজলুর রহমানের ছেলে শাহ্ আলম (২৮) কে আসামি করে ১৫ নভেম্বর দুপুর ১২.৪৫ মিনিটে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ যুবকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।