সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস জব্দ
সুন্দরবনে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযান ও জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার সকালে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব বন্য প্রাণীর দেহাবশেষ জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ছয়টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।
তিনি বলেন, জব্দ করা হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সুন্দরবনের বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।