জামিনে মুক্তির চার দিন পর নিখোঁজ, ডোবায় মিলল যুবকের মরদেহ
মাদারীপুরে নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে আশিক খান (২৪) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানক্ষেতের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশিক ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর একটি মাদক মামলায় জামিনে মুক্তি পান আশিক। এরপর বৃহস্পতিবার সকালে মাছ ধরার জন্য বাড়ির পাশের খালে জাল নিয়ে যান তিনি। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার সদর মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।
রোববার খালের অপর পাশে একটি পরিত্যক্ত ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশিকের পরিচয় শনাক্ত করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে আশিকের পরিবারের বিরোধ ছিল বলে জানিয়েছেন স্বজনরা। তাঁদের অভিযোগ, ওই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে আশিককে হত্যা করে ডোবায় মরদেহ ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁরা।
নিহত আশিকের বোন নিপা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কঠিন বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষ। কবির মাতুব্বরকে বাড়িতে পাওয়া না গেলেও নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক আত্মীয় দাবি করেন, এ ঘটনায় কবির বা তাঁর লোকজন জড়িত নন। স্থানীয় রাজনীতি ও দলাদলির কারণে কেউ কেউ কবিরের নাম জড়াচ্ছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।