ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জলবায়ু ন্যায্যতার দাবিতে বলেশ্বর নদীর পাড়ে ৩ শতাধিক নারী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ন্যায্যতার দাবিতে বলেশ্বর নদীর পাড়ে ৩ শতাধিক নারী
ছবি: ডেইলি বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূলীয় মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছেন তিন শতাধিক নারী।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার রুহিতার বালুর মাঠে বলেশ্বর নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

পাথরঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নানা স্লোগান দেন তাঁরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতাই হোক সমাধান’, ‘টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই’, ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবে না আর জলবায়ু অবিচার’ এবং ‘কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও’।

কর্মসূচিতে বক্তব্য দেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, সমাজসেবক মেহেদী শিকদার, সোহাগ আকন এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনসহ অন্যরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, বসতভিটা ও প্রাকৃতিক পরিবেশ ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে উপকূলের নারীদের নানা সংকট ও প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং নিরাপদ জীবনযাপনের অধিকার নিশ্চিত করা জরুরি।

আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে উপকূলীয় জনগোষ্ঠীর সংকট ও দাবিগুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং উপকূলীয় মানুষের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!