ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রীবরদীতে ৪ হাজার ৬০০ কৃষক পেলেন বিনা মূল্যে সরিষার বীজ ও সার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ১৪ নভেম্বর ২০২৬
শ্রীবরদীতে ৪ হাজার ৬০০ কৃষক পেলেন বিনা মূল্যে সরিষার বীজ ও সার
শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদীতে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৬–২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন দুলাল ও উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব সোহানুর রহমান সোহান, কৃষক দলের সভাপতি আবু হারিছ বাচ্চু, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে একদিকে কৃষকের উৎপাদন খরচ কমবে, অন্যদিকে দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে।

আলোচনা শেষে কৃষক ও কৃষাণীদের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!