ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২০০ বছরের ঐতিহ্য, জামাই মেলায় উৎসবের আমেজ

জনি সরকার, জয়পুরহাট
প্রকাশিত: ১৮:১৩, ১৪ নভেম্বর ২০২৬
২০০ বছরের ঐতিহ্য, জামাই মেলায় উৎসবের আমেজ
মেলা উপলক্ষে দিনব্যাপী লাঠিখেলার আয়োজন। ছবি: ডেইলি বাংলাদেশ

জামাইদের দাওয়াত, লাঠিখেলা আর গ্রামীণ উৎসবের আমেজ। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী পক্কি তলার মেলাকে ঘিরে প্রতিবছর এমনই উৎসবমুখর হয়ে ওঠে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আইমাপুর গ্রাম। স্থানীয়দের কাছে মেলাটি ‘জামাই মেলা’ নামেই বেশি পরিচিত। মেলা উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়িতে চলে বিশেষ আয়োজন। দাওয়াত দেওয়া হয় গ্রামের সব জামাইকে। আত্মীয়স্বজনের আগমন, অতিথি আপ্যায়ন ও নানা লোকজ আয়োজন মিলিয়ে পরিণত হয় এক বিশাল সামাজিক মিলনমেলায়।

বংশপরম্পরায় চলে আসা এ মেলা স্থানীয়দের কাছে কেবল বার্ষিক আয়োজন নয়, বরং আত্মীয়তার বন্ধন দৃঢ় করা এবং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার অন্যতম উপলক্ষ। বছরের এ দিনটির জন্য অপেক্ষায় থাকেন গ্রামের মানুষ। মেলাকে কেন্দ্র করে দূরে থাকা আত্মীয়স্বজনেরাও ছুটে আসেন নিজ গ্রামে। বাড়িতে বাড়িতে জামাইদের আপ্যায়ন আর স্বজনদের মিলনমেলায় তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

মেলার অন্যতম আকর্ষণ গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। সকাল থেকেই ঢাকের তালে শুরু হয় লাঠিয়ালদের কসরত। হাতে লাঠি নিয়ে খেলোয়াড়দের দ্রুতগতির নানা কৌশল ও শৈল্পিক প্রদর্শনী দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে বাড়ির উঠানে। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ।

লাঠিখেলা দেখতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, মেলায় এসে লাঠিখেলা দেখে তারা বেশ আনন্দিত। একসময় গ্রামবাংলার বিভিন্ন এলাকায় এ খেলার প্রচলন থাকলেও বর্তমানে তা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। এমন আয়োজনের মাধ্যমে পুরোনো ঐতিহ্য আবারও উপভোগ করার সুযোগ মিলেছে।

মেলার মাঠজুড়ে বসেছে নানা পণ্যের দোকান। মিঠাই-মিষ্টি, ঝুড়ি, জিলাপি ও প্রসাধনসামগ্রীর পাশাপাশি রয়েছে মাটির তৈরি তৈজসপত্র এবং কাঠের নিত্যব্যবহার্য জিনিসপত্রের পসরা। এসব পণ্য দেখতে ও কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। শিশু-কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, চড়কি ও নৌকাসহ বিভিন্ন আয়োজন। পরিবারের সদস্যদের সঙ্গে মেলায় ঘুরে বেড়ানো, পছন্দের জিনিস কেনা আর নানা খাবারের স্বাদ নেওয়ায় আনন্দে কাটছে সবার সময়।

মেলায় আসা জামাই নূর আলম বলেন, ‘আমার বিয়ের বয়স ছয় বছর। প্রতিবছর এ দিনে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত পাই। শুধু আমি নই, এ গ্রামের সব জামাইকে দাওয়াত দেওয়া হয়। আমরা পরিবার নিয়ে মেলায় ঘুরতে আসি। দিনটি আমাদের কাছে খুবই আনন্দের ও উৎসবমুখর।’

মেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘আমাদের বাপ-দাদারা বংশপরম্পরায় এ মেলার আয়োজন করে আসছেন। এখন আমরা সেই ঐতিহ্য ধরে রেখেছি। মেলার সঠিক ইতিহাস বলা সম্ভব নয়। তবে প্রায় ২০০ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা উপলক্ষে দিনব্যাপী লাঠিখেলার আয়োজন করা হয়।’

দিনভর নানা আয়োজনের পর সন্ধ্যা নামতেই মেলায় যোগ হয় নতুন মাত্রা। রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয় বাড়তি উৎসাহ-উদ্দীপনা। গান ও বিভিন্ন পরিবেশনায় মেতে ওঠেন দর্শনার্থীরা। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক, সব বয়সী মানুষের অংশগ্রহণে রাতেও প্রাণবন্ত থাকে মেলাপ্রাঙ্গণ।

প্রায় দুই শতাব্দীর পথচলায় আইমাপুরের পক্কি তলার মেলা ধরে রেখেছে নিজস্ব পরিচয়। এখানে একদিকে রয়েছে হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতির ছোঁয়া, অন্যদিকে আত্মীয়তার বন্ধন ও সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে জামাইদের ঘিরে গ্রামের মানুষের এ আয়োজন মেলাটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

আধুনিকতার প্রভাবে গ্রামীণ অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসলেও আইমাপুরের মানুষ ধরে রেখেছেন পূর্বপুরুষদের স্মৃতি ও সংস্কৃতি। বাপ-দাদার শুরু করা আয়োজন এগিয়ে নিচ্ছে নতুন প্রজন্ম। তাই প্রায় ২০০ বছর পেরিয়েও এ মেলার আবেদন কমেনি। প্রতিবছর জামাইদের আগমন, লাঠিখেলার ছন্দ আর উৎসবের আমেজে নতুন করে প্রাণ ফিরে পায় পুরো আইমাপুর গ্রাম।

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!