রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৭৬, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১২০, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৪৬ এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ৫৩টি লোহার পেরেক (তারকাটা) উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, তিন বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।