ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

হোয়াটসঅ্যাপে আসছে ইউজার নেম, গোপন থাকবে নম্বর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপে আসছে ইউজার নেম, গোপন থাকবে নম্বর
স্মার্টফোনে যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হোয়াটসঅ্যাপ।

স্মার্টফোনে যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলোর একটি হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহার করছেন মেটার মালিকানাধীন এই অ্যাপ। এতদিন হোয়াটসঅ্যাপে নতুন কারও সঙ্গে যোগাযোগ করতে হলে মোবাইল নম্বর শেয়ার করতে হতো। ফলে গ্রুপ চ্যাট বা অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের সময় ব্যক্তিগত নম্বর প্রকাশের ঝুঁকি থাকত।

ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার এ ব্যবস্থায় পরিবর্তন আনছে মেটা। মোবাইল নম্বরের পরিবর্তে অনন্য ‘ইউজার নেম’ ব্যবহার করে যোগাযোগের সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। চলতি বছর থেকেই ধাপে ধাপে বিশ্বজুড়ে ফিচারটি চালুর প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে ইউজার নেম বুকিংয়ের প্রক্রিয়াও শুরু হয়েছে।

Advertisement

নম্বর থাকবে গোপন

ফিচারটি পুরোপুরি চালু হলে হোয়াটসঅ্যাপে নতুন কারও সঙ্গে যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বর আর শেয়ার করতে হবে না। ইউজার নেম দিয়েই অন্য ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা যাবে।

তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই মোবাইল নম্বর প্রয়োজন হবে। নতুন ব্যবস্থায় পার্থক্য হলো, ওই নম্বর অন্য ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান থাকবে না।

হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট প্রধান অ্যালিস নিউটন-রেক্স জানিয়েছেন, ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রেখেই ফিচারটি তৈরি করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন গ্রুপে যুক্ত হওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর গোপন রেখে যোগাযোগের সুযোগ তৈরি হবে। চাইলে পরবর্তী সময়ে ইউজার নেম পরিবর্তন বা মুছে ফেলার সুবিধাও থাকবে।

ইউজার নেম তৈরির নিয়ম

হোয়াটসঅ্যাপে ইউজার নেম তৈরির ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়ম রাখা হয়েছে। ইউজার নেম কমপক্ষে ৩ এবং সর্বোচ্চ ৩৫ অক্ষরের হতে হবে। এতে ইংরেজি ছোট হাতের অক্ষর, সংখ্যা, ফুলস্টপ ও আন্ডারস্কোর ব্যবহার করা যাবে।

তবে প্রতারণা ও বিভ্রান্তি ঠেকাতে ইউজার নেম ‘www.’ দিয়ে শুরু করা যাবে না। নামের শেষে কোনো ডোমেইনও যুক্ত করা যাবে না। শুধু সংখ্যা বা প্রতীক দিয়ে ইউজার নেম তৈরি করা যাবে না; এতে অন্তত একটি ইংরেজি অক্ষর থাকতে হবে।

পরিচিত ব্যক্তি, তারকা বা সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে যাতে কেউ বিভ্রান্তি বা প্রতারণা করতে না পারে, সে জন্য কিছু গুরুত্বপূর্ণ ইউজার নেম আগেই সংরক্ষিত রাখছে হোয়াটসঅ্যাপ। ফলে অন্য ব্যবহারকারীরা এসব নামে ইচ্ছেমতো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না।

ফেসবুক-ইনস্টাগ্রামের সঙ্গে সমন্বয়

নতুন ফিচারটির আরেকটি দিক হলো মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে সমন্বয়। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কনটেন্ট নির্মাতা ফেসবুক বা ইনস্টাগ্রামে ব্যবহৃত একই ইউজার নেম হোয়াটসঅ্যাপেও নিতে চাইলে অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে অ্যাকাউন্টগুলো যুক্ত করে মালিকানা নিশ্চিত করতে হবে।

তবে কাঙ্ক্ষিত ইউজার নেমটি ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্য কেউ আগে ব্যবহার করে থাকলে, সেটি হোয়াটসঅ্যাপে খালি থাকলেও দাবি করা যাবে না।

ফিচারটি বর্তমানে পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। নিজের অ্যাকাউন্টে সুবিধাটি এসেছে কি না, তা হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে গিয়ে দেখা যাবে। ফিচার চালু হলে সেখানে ইউজার নেম বেছে নেওয়ার অপশন পাওয়া যাবে। ইউজার নেম বুকিংয়ের প্রক্রিয়া শুধু মোবাইল অ্যাপ থেকেই করা যাবে।

থাকছে নিরাপত্তাব্যবস্থাও

হোয়াটসঅ্যাপের মূল বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকলেও ইউজার নেম চালুর পর গোপনীয়তা নিয়ে নতুন কিছু প্রশ্নও উঠেছে। সাইবার বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, ইউজার নেম ব্যক্তিগত মোবাইল নম্বর আড়াল করার সুযোগ তৈরি করলেও মেটাডেটাসহ গোপনীয়তার সব ঝুঁকি এতে দূর হবে না।

এ ছাড়া নতুন ব্যবস্থায় প্রতারণার সুযোগ বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অপব্যবহার ঠেকাতে প্ল্যাটফর্মে একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

এর মধ্যে ‘ইউজার নেম কি’ নামে একটি বিশেষ সংক্ষিপ্ত কোড ব্যবস্থাও রয়েছে। এটি সক্রিয় থাকলে নির্দিষ্ট ইউজার নেম ও ওই কোড না জানা পর্যন্ত অপরিচিত কেউ প্রথমবার তাকে মেসেজ পাঠাতে পারবে না। পাশাপাশি আগের মতোই অবাঞ্ছিত ব্যবহারকারীকে ব্লক ও রিপোর্ট করার সুবিধাও থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!