ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

চলছে জল্পনা: হৃত্বিক রোশনকে মানাবে কি না জেমস বন্ড চরিত্রে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৮, ১২ নভেম্বর ২০২৬
চলছে জল্পনা: হৃত্বিক রোশনকে মানাবে কি না জেমস বন্ড চরিত্রে
হৃত্বিক রোশন ।। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা হৃত্বিক রোশন টাক্সেডো পরা নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন । আর তাতেই তাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চেয়ে সরব হয়েছেন ভক্তরা। ছবিগুলো প্রকাশের পর অনেকেই মন্তব্য করেছেন, গুপ্তচর চরিত্র ০০৭-এর জন্য হৃত্বিক হতে পারেন উপযুক্ত পছন্দ।

জেমস বন্ড চরিত্রের সঙ্গে টাক্সেডোর সম্পর্ক দীর্ঘদিনের। লেখক ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট কাল্পনিক এই গোয়েন্দা চরিত্রকে বড় পর্দায় বিভিন্ন সময়ে তুলে ধরেছেন শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগের মতো অভিনেতারা। এবার নতুন জেমস বন্ড কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা। পরবর্তী জেমস বন্ড নির্বাচনের জন্য একাধিক অভিনেতার অডিশন নিচ্ছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। এই আলোচনার মধ্যেই ভারতীয় ভক্তদের একাংশ চাইছেন, ০০৭-এর ভূমিকায় অভিনয় করুন হৃত্বিক রোশন। তার ব্যক্তিত্ব, পর্দায় উপস্থিতি এবং মার্জিত স্টাইলকে এই চরিত্রের সঙ্গে মানানসই মনে করছেন তারা।

বুধবার টাক্সেডো পরা কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন হৃত্বিক। ছবিগুলো সামনে আসতেই ভক্তদের মন্তব্যে জেমস বন্ড প্রসঙ্গ উঠে আসে। কেউ কেউ মনে করছেন, হলিউডের নির্মাতাদের কাছে নিজের আগ্রহের ইঙ্গিত দিচ্ছেন অভিনেতা। যদিও এ বিষয়ে হৃতিকের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। এক ভক্ত মন্তব্য করেছেন, যদি তারা ভারতীয় বংশোদ্ভূত কাউকে জেমস বন্ড হিসেবে গ্রহণ করতে পারত! আরেকজন লিখেছেন, গ্রিক দেবতার মতো দেখতে এবং আশা করি হৃত্বিক ভাই জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের সুযোগ পাবেন।

তবে জেমস বন্ড চরিত্রে এবার যুক্তরাজ্যের বাইরের কোনো অভিনেতাকে নেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এখন পর্যন্ত অডিশনে অংশ নেওয়া অভিনেতাদের সবাই যুক্তরাজ্যের বলে জানা গেছে। ফলে প্রচলিত ধারার বাইরে গিয়ে অ্যামাজন এমজিএম স্টুডিওস কোনো সিদ্ধান্ত নেয় কি না, সেটিই দেখার বিষয়।

এদিকে হৃতিকের নতুন ছবিগুলোতে তার শারীরিক গঠন আগের তুলনায় কিছুটা ছিপছিপে মনে হয়েছে। বিষয়টি ভক্তদের নজর এড়ায়নি। কেউ কেউ তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার অনেকেই দীর্ঘদিন পর অভিনেতাকে নতুন কোনো সিনেমায় প্রধান চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন। গত বছরের আগস্টে মুক্তি পাওয়া ‘ওয়ার ২’-এর পর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা কোনো সিনেমা মুক্তি পায়নি হৃতিকের। পরবর্তী সময়ে ‘আলফা’ ও ‘জেলার ২’ সিনেমায় তার ক্যামিও উপস্থিতি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!