পাক সেনার গুলিতে নিহত ভারতীয় সেনা
জম্মু- কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
একাধিক সূত্রের তথ্যানুযায়ী, শনিবার রাতে শাহপুর-কার্নি সেক্টরে পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ করে। বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা হামলার জবাব দিতেই শনিবার মর্টার শেল ছোড়ে তারা।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানায়, পাকিস্তানের গুলিতে ৪ ভারতীয় সেনা আহত হন। এরপর তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, এক মাসের মধ্যে এই নিয়ে পাকিস্তানের গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এর আগের ২টি হামলাও পুঞ্চ ও রাজৌরি জেলায় হয়েছিলো। গত ৪ জুন রাজৌরির সুন্দরবানি সেক্টরে মারা যান হাওয়ালদার পি মাথিয়াঝাগান। গত বুধবার একই সেক্টরে নিহত হন নায়েক গুরচরণ সিং।
এরপর বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একটি সেনা চৌকিতে হামলা করে। শনিবারের হামলা ওই হামলারই পাল্টা জবাব বলে ধারণা করা হচ্ছে।
সূত্র- এনডিটিভি