সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ আটক ৫
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগে কয়রা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু মুছাসহ ৫ জেলেকে আটক করেছে বনবিভাগ।
রোববার (৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোমরখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছামানুর কাদির জানান, শনিবার দুপুর দুইটার দিকে হংসরাজ নদীতে নিয়মিত টহলের উদ্দেশ্য নলিয়ান স্টেশনের আওতাধীন হংসরাজ নদীতে পৌছালে একটি ফিসিং ট্রলার দেখতে পাই।দ্রুত ট্রলারের কাছে পৌছালে ৫ জেলেকে অভয়ারণ্যে মাছ শিকার করার জন্য প্রস্তুতি নিতে দেখি।
এসময় অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগে তাদেরকে আটক করি।
আটক জেলেরা হলেন,কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য আবু মুছা(৫০), ৪ নং কয়রা গ্রামের হযরত আলী সানার ছেলের জাহাঙ্গীর আলম(৪৫) , গফুর গাজীর ছেলে জাবের আলী( ৫০),আব্দুল হামিদ গাজীর ছেলে ইয়াছিন আলী(৪২), মৃত্যু সবুর সানার ছেলে আঃ রউফ(৪০)।
মো. ছামানুর কাদির আরও জানান,আটক জেলেদের জবানবন্দি অনুযায়ী ছোট কুকুমারি খালে আরও একটি অভিযান চালিয়ে পাঁচটি নৌকা ও ৩০০ হাত চরপাটা জাল জব্দ করি।আবু মুছার বিরুদ্ধে অভয়ারণ্য মাছ শিকারের অভিযোগে বনবিভাগের একাধিক মামলা রয়েছে।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা করা হয়েছে। আটক ৫ জনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।