ব্যালন ডি’অরের ভোট শেষ, ২৬ অক্টোবর ঘোষণা
২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোটাভুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ফলে এখন শুধু অপেক্ষা—২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম। ২৮ সেপ্টেম্বর ১০০ সদস্যের জুরি বোর্ডের ভোট দেওয়ার সময়সীমা শেষ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে।
ফ্রান্স ফুটবলের প্রকাশিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে এবারের বিজয়ী নির্বাচন করছেন বিশ্বের ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের একজন করে ক্রীড়া সাংবাদিক। প্রত্যেক ভোটার ১০ জন ফুটবলারকে পছন্দের ক্রমানুসারে সাজিয়ে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেন। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড়ই জিতবেন ব্যালন ডি’অর।
.png)
ভোটের ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়—ব্যক্তিগত পারফরম্যান্স, দলের সাফল্য এবং খেলোয়াড়সুলভ আচরণ ও ফেয়ার প্লে।
এবারের ৩০ জনের তালিকায় রয়েছেন হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, লিওনেল মেসি, উসমান দেম্বেলে, খভিচা কাভারেস্খেইয়া, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, এরলিং হলান্ডসহ বিশ্বের শীর্ষ ফুটবলাররা।
ভোট শেষ হওয়ার পরও বিজয়ীর নাম নিয়ে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালসহ একাধিক খেলোয়াড়কে আলোচনায় রাখা হয়েছে।
এবারের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী হবে ২৬ অক্টোবর লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন প্যালাডিয়ামে। ফ্রান্স ফুটবলের আয়োজিত পুরস্কারটির ৭০তম বার্ষিকীও উদযাপন করা হবে এবারের অনুষ্ঠানে। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জয়ী ইংল্যান্ডের কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথুসের প্রতি শ্রদ্ধা জানিয়ে লন্ডনকে এবারের আয়োজক শহর করা হয়েছে।