ভারতের সঙ্গে শ্রদ্ধার ভিত্তিতে কাজ করবে ঢাকা: হুমায়ুন
বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ নিয়েও মতবিনিময় করেন তারা।
এ ছাড়া নিউইয়র্কে সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে।
বাংলাদেশ ও ভারত সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর আগে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।