ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাস-মিনিবাসের নতুন ভাড়া ঘোষণা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২১, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের নতুন ভাড়া ঘোষণা
সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস-মিনিবাসে যাত্রীপ্রতি কিলোমিটারে ১৭ পয়সা হারে ভাড়া বাড়ানো যাবে। নতুন এ ভাড়া মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে কার্যকর ধরা হয়েছে।

Advertisement

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসে যাত্রীপ্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়াও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বিআরটিএ অথবা সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুমোদন নিতে হবে।

তবে নতুন নির্ধারিত ভাড়া গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একই সঙ্গে প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!