খলিলুর রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। বৈঠকে খলিলুর রহমানের দায়িত্ব পালনে নেপালের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন তিনি। একই দিনে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গেও বৈঠক করেন খানাল।
নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন শিশির খানাল। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি।
.png)
বৈঠকে খলিলুর রহমানের মেয়াদ সফল হওয়ারও কামনা করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তার দায়িত্ব পালনের সময় নেপালের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
আলোচনায় সাধারণ পরিষদের সভাপতির অগ্রাধিকার এবং জাতিসংঘকেন্দ্রিক বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব উঠে আসে। এ ছাড়া সাম্প্রতিক জলবায়ুজনিত দুর্যোগে নেপালে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়েও মতবিনিময় করেন তারা। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জাতিসংঘের বিভিন্ন বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিচ্ছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গেও বৈঠক করেন খানাল। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
অর্থনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।
বৈঠকে বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থাগুলোর আওতায় নিয়মিত বৈঠক আয়োজনের ওপরও গুরুত্ব দেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এদিকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেশটির জাতীয় বক্তব্য দেওয়ার কথা ছিল।