ইংল্যান্ডকে হারিয়ে ১-১ সমতায় ফিরল শ্রীলঙ্কা
মাত্র ১৩.৫ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করে শ্রীলঙ্কার দেওয়া ৩২২ রানের লক্ষ্যকে সহজ করে ফেলেছিল ইংল্যান্ড। একসময় শেষ ৮০ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৭২ রান, হাতে ছিল ৬ উইকেট। সেখান থেকেই ম্যাচের চিত্র পাল্টে যায়। শেষ পর্যন্ত ১৬ রানে হেরে যায় হ্যারি ব্রুকের দল।
কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরি এবং দুনিথ ভেল্লালাগের কার্যকর বোলিংয়ে লিডসের হেডিংলিতে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে জয়ের পর সিরিজে এগিয়ে থাকা ইংল্যান্ডের সামনে এবার জয় নিশ্চিত করার সুযোগ ছিল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের উদ্বোধনী জুটিতে আসে ৪৫ রান। ২৫ বলে ৩৩ রান করে নিশাঙ্কা ফিরলে জুটি ভাঙে।
.png)
এরপর কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১২০ বলে ১৩৭ রানের জুটি গড়েন কুশল। ১৮ রানে থাকা অবস্থায় কুশলের ক্যাচ মিস করে ইংল্যান্ড। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ১০০ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শ্রীলঙ্কার অধিনায়ক।
কুশল ফেরার পর শ্রীলঙ্কার রানের গতি কিছুটা কমে যায়। কামিন্দু ৬৫ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৪ রান করেন। পভন রত্ননায়েকে ৩৯ বলে ৪৮ এবং জানিথ লিয়ানাগে ২৬ বলে ৩২ রান করলে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন ও রেহান আহমেদ দুটি করে উইকেট নেন।
৩২২ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। টম ব্যান্টন ও বেন ডাকেটের উদ্বোধনী জুটিতে আসে ১৪৩ রান। ব্যান্টন ৬২ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৭৩ রান করেন। ডাকেটের ব্যাট থেকে আসে ৬৩ বলে নয়টি চারে ৬৭ রান।
এরপর দ্রুত হ্যারি ব্রুক ও জো রুট ফিরে গেলে চাপে পড়ে ইংল্যান্ড। তবে জস বাটলার ও উইল জ্যাকসের জুটিতে আবারও জয়ের সম্ভাবনা তৈরি হয়। দুজন মিলে পঞ্চাশ রানের জুটি গড়েন।
৩৮তম ওভারে হ্যামস্ট্রিংয়ে চোট পান বাটলার। ফিজিওর চিকিৎসা নিয়ে মাঠে থাকার চেষ্টা করলেও আরও দুটি বল খেলে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তখন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৫ বলে ৬৮ রান।
এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় শ্রীলঙ্কা। শেষদিকে বাটলার আবার ব্যাটিংয়ে ফিরলেও ইংল্যান্ডের প্রয়োজন মেটাতে পারেননি। ৪৯ বলে পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় ৬৯ রান করে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। উইল জ্যাকস ৬১ বলে চারটি চার ও দুটি ছক্কায় করেন ৫২ রান।
শেষ ৭৫ বলে ৬৮ রানের সমীকরণ থেকে ইংল্যান্ড শেষ পর্যন্ত আরও পাঁচ উইকেট হারিয়ে মাত্র ৫২ রান তুলতে পারে। ফলে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৫ রানে থামে তাদের ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে দুনিথ ভেল্লালাগে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দিলশান মাদুশঙ্কা ও এহসান মালিঙ্গা পান দুটি করে উইকেট।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরল শ্রীলঙ্কা।