ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্যাটে-বলে ঝড়, ম্যাচ সেরা সাকিব

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:২৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্যাটে-বলে ঝড়, ম্যাচ সেরা সাকিব
উইকেট নেওয়ার পর সতীর্থর সঙ্গে উদযাপনে সাকিব। ছবি : আটলান্টার ফেসবুক থেকে

কেন তাকে অলরাউন্ডার বলা হয়, মাঠে আবারও তার প্রমাণ দিলেন সাকিব আল হাসান। মাইনর লিগ ক্রিকেটে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে আটলান্টা ফায়ারকে এনে দিয়েছেন ৯৪ রানের বড় জয়। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে বাংলাদেশের সাবেক এই অলরাউন্ডারের হাতে।

ব্যাট হাতে ১৮ রান করার পর বল হাতে বাঁহাতি স্পিনে ৩ উইকেট শিকার করেন সাকিব। ৩ ওভারে মাত্র ৪ রান দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখেন তিনি। এর মধ্যে দুটি ওভারই ছিল মেডেন।

Advertisement

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে আটলান্টা ফায়ার। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার ও অধিনায়ক স্টিভেন টেইলর। তিনি খেলেন ২৯ বলের ইনিংস।

সাকিব ওপেনিংয়ে নেমে ১৮ বলে ২ চারের সাহায্যে করেন ১৮ রান।

জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে লডারহিল লায়ন্স। সাকিবের ঘূর্ণি ও সতীর্থ সানি প্যাটেলের পেসের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি।

দুজনই ৩টি করে উইকেট শিকার করেন। লডারহিলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক রওনক শর্মা। তার বাইরে দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ফলে ৯৪ রানের বড় জয় পায় আটলান্টা ফায়ার। ব্যাটে ১৮ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!