ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রীতি ম্যাচ খেলতে মাঠে এসেও চীনের দেখা নেই

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রীতি ম্যাচ খেলতে মাঠে এসেও চীনের দেখা নেই
সংগৃহীত ছবি

এশিয়ান গেমস শুরুর দিনেই অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়োজকদের অনুরোধে চীন নারী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নির্ধারিত সময়ে মাঠে গেলেও প্রতিপক্ষকে সেখানে পাওয়া যায়নি।

শনিবার সকাল ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা সকাল সাড়ে ৭টার মধ্যেই মাঠে পৌঁছে যান। তবে মাঠে যাওয়ার পর কিউরেটর তাদের জানান, ম্যাচটি হচ্ছে না। পরে জানা যায়, চীন দল মাঠে আসেনি।

Advertisement

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ জানান, ম্যাচের জন্য সব প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দল যথাসময়ে মাঠে উপস্থিত হয়েছিল। প্রতিপক্ষ না আসায় পরে আগামীকাল অনুষ্ঠেয় সেমিফাইনালের প্রস্তুতি হিসেবে অনুশীলন করে দল।

স্বাগতিক চীনের এমন অনুপস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি জানান, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) বিশেষ অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগের পর প্রীতি ম্যাচটি খেলতে সম্মতি দিয়েছিল বাংলাদেশ।

ইমরোজ আহমেদ বলেন, ম্যাচ আয়োজনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও চীন দল মাঠে না আসায় বিষয়টি ওসিএকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তবে চীন দল কেন ম্যাচে অংশ নেয়নি, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। ইমরোজ আহমেদের ধারণা, চীন হয়তো একটি পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক ম্যাচ খেলতে চেয়েছিল। বিপরীতে বাংলাদেশ শুধু প্রীতি ম্যাচে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিল। দুই দলের মধ্যে যোগাযোগের দায়িত্বে থাকা মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিষয়টি সঠিকভাবে চীনের কাছে পৌঁছায়নি বলেও তিনি ধারণা করছেন।

এর আগে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়। পরে আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!