ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বড় ডিসপ্লে নিয়ে আসছে আইফোন ২০ প্রো!

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বড় ডিসপ্লে নিয়ে আসছে আইফোন ২০ প্রো!
সংগৃহীত ছবি

আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে ২০২৭ সালে বড় ধরনের পরিবর্তন আনতে পারে অ্যাপল। নতুন এক লিক অনুযায়ী, আইফোন ২০ প্রো ও আইফোন ২০ প্রো ম্যাক্সে বর্তমান প্রজন্মের তুলনায় বড় ডিসপ্লে থাকতে পারে।

টিপস্টার আইস ইউনিভার্সের শেয়ার করা তথ্য অনুযায়ী, আইফোন ২০ প্রোতে ৬.৪১ ইঞ্চি এবং আইফোন ২০ প্রো ম্যাক্সে ৬.৯৬ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। তবে এসব তথ্য এখনো নিশ্চিত নয় এবং ফোন দুটির বাজারে আসতে প্রায় এক বছর সময় বাকি।

Advertisement

লিক অনুযায়ী, আইফোন ২০ প্রো ম্যাক্সের ডিসপ্লের রেজল্যুশন হতে পারে ১৩৪০ × ২৯১২ পিক্সেল। তুলনায়, আইফোন ১৮ প্রো ম্যাক্সে রয়েছে ৬.৮৬ ইঞ্চির ডিসপ্লে এবং ১৩২০ × ২৮৬৮ পিক্সেল রেজল্যুশন।

অন্যদিকে, আইফোন ২০ প্রোতে ৬.৪১ ইঞ্চির স্ক্রিনের পাশাপাশি ১২৩৬ × ২৬৮৬ পিক্সেল রেজল্যুশন থাকতে পারে। বর্তমান আইফোন ১৮ প্রোতে রয়েছে ৬.২৭ ইঞ্চির ডিসপ্লে ও ১২০৬ × ২৬২২ পিক্সেল রেজল্যুশন।

বদলে যেতে পারে ডিজাইন

২০২৭ সালে প্রথম আইফোন বাজারে আসার ২০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে অ্যাপল বড় ধরনের নকশাগত পরিবর্তন আনতে পারে বলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে। এমনকি আইফোন ১৯ সিরিজ বাদ দিয়ে সরাসরি আইফোন ২০ সিরিজে যাওয়ার সম্ভাবনার কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তবে মডেলের নাম এখনো নিশ্চিত নয়।

গুঞ্জন অনুযায়ী, নতুন মডেলে চার পাশ বাঁকানো বা ‘কোয়াড-কার্ভড’ গ্লাস এবং প্রায় বেজেলবিহীন ডিসপ্লে থাকতে পারে। ডিসপ্লের নিচে ফেস আইডি ও ফ্রন্ট ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। তবে সাম্প্রতিক কিছু লিকে ছোট আকারের হোল-পাঞ্চ বা ডায়নামিক আইল্যান্ড-ধাঁচের কাটআউট পরীক্ষার কথাও বলা হয়েছে। অর্থাৎ অ্যাপল এখনো একাধিক নকশা পরীক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে।

এ২১ প্রো চিপ ও বেশি র‍্যামের গুঞ্জন

লিক হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ২০ প্রো ও প্রো ম্যাক্সে এ২১ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। ডিভাইস দুটিতে ১২ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকার গুঞ্জনও রয়েছে। পাশাপাশি হাই ব্যান্ডউইথ মেমোরি বা এইচবিএম ব্যবহারের বিষয়েও আলোচনা রয়েছে।

এইচবিএম প্রযুক্তিতে মেমোরি চিপের স্তরগুলো উল্লম্বভাবে সাজানো থাকে, ফলে প্রচলিত মেমোরির তুলনায় বেশি ডেটা ব্যান্ডউইথ পাওয়া যায়। বর্তমানে এ প্রযুক্তি মূলত এআই ডেটা সেন্টারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে ভবিষ্যতের আইফোনে অ্যাপল এটি ব্যবহার করবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

৬০০০ mAh ব্যাটারির গুঞ্জন

আইফোন ২০ প্রো ম্যাক্সে ব্যাটারির সক্ষমতাতেও বড় আপগ্রেড আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে প্রায় ৬০০০ mAh ব্যাটারি থাকতে পারে।

এ ছাড়া অ্যাপল সিলিকনভিত্তিক ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই প্রযুক্তি প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় বেশি এনার্জি ডেনসিটি দিতে পারে বলে ধারণা করা হয়।

তবে আইফোন ২০ প্রো ও প্রো ম্যাক্সের ডিসপ্লে, চিপ, র‍্যাম, ব্যাটারি ও ডিজাইন নিয়ে প্রকাশিত এসব তথ্য এখনো গুঞ্জন ও লিকনির্ভর। ২০২৭ সালে সম্ভাব্য বাজারজাতের আগে অ্যাপলের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!