শ্লীলতাহানির অভিযোগ বাংলাদেশি ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে
শ্লীলতাহানির ঘটনায় ইংল্যান্ডে অভিযুক্ত হয়েছেন কাউন্টি দল এসেক্সের ক্রিকেটার রবিন দাস। আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিন দাশের বাবা মৃদুল দাশ বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। পরে ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে রবিন দাশের জন্ম হয়।
২৪ বছর বয়সী রবিন দাশের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এবং মেট্রোপলিটন পুলিশ।
.png)
মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ওয়াল্টাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে চলতি বছরের ২৩ জুলাই ধর্ষণের ঘটনায় অভিযোগ গঠন করা হয়। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গত বছরের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে এসেক্স ক্লাব সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে নিজের একমাত্র ম্যাচের মাত্র দুদিন পর গত ২৩ জুলাই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এরপরই ক্লাব কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে।
২০২০ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় রবিন দাসের। কাউন্টি দলটির জার্সিতে তিনি ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০২৩ সালে ট্যুরিং আয়ারল্যান্ড দলের বিপক্ষে একটি সেঞ্চুরিও রয়েছে তার। একই মৌসুমে এসেক্স দল টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে উঠেছিল, যেখানে এজবাস্টনে সমারসেটের কাছে হেরে যায় তারা।
এসেক্স ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, একটি ব্যক্তিগত ঘটনার জেরে তাদের এক খেলোয়াড় আদালতে হাজিরা দিয়েছেন। আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ।