রাজধানীতে বাসের নিচে প্রাণ গেল কলেজছাত্রীর
রাজধানীর চানখারপুল মেয়র হানিফ ফ্লাইওভারে বাসচাপায় ঢাকা মহানগর মহিলা কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেল চালক গালিব। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওরা দু’জন মোটরসাইকেল চালিয়ে চানখারপুল ঢাল দিয়ে ফ্লাইওভার ব্রিজে উঠছিল। তখন পেছন থেকে আরেকটি মোটরসাইকেল দ্রুত তাদেরকে অতিক্রম করতে চাইলে তারা তাদের মোটরসাইকেলের গতি বাড়ায়। এতে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এরপর অথৈ রোড ডিভাইডারের ওভারের অংশে চলে গেলে বিপরীত দিক থেকে আসা ঠিকানা পরিবহনের একটি বাস তার দুই পায়ের ওপর দিয়ে উঠে যায়। পরে তাদের দু’জনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে সন্ধ্যা সাড়ে ৭টায় মনীষা বর্মন অথৈকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আর গালিবকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার হাত-পা সহ শরীরের বেশ কিছু জায়গায় জখম রয়েছে।
হতাহতদের বন্ধু রাব্বি জানান, তাদের দু’জনের বাসা পুরান ঢাকার গেন্ডারিয়া। ঢাকা মহানগর মহিলা কলেজের ৩য় বর্ষের ছাত্রী মনীষা বর্মন অথৈ। গালিব কবি নজরুল কলেজ থেকে ইন্টার পাস করেছে কয়েক বছর আগে।