ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ৬ অক্টোবর ২০২৬
কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা
মূল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে কুবির ৬ শিক্ষককে , ছবি:ডেইলি বাংলাদেশ

বিদেশে গিয়ে নিদির্ষ্ট সময়ের মধ্যে ফিরে চাকরিতে যোগদান না করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৬ জন শিক্ষকের পদ অবমুক্ত (শূন্য) ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।


গত রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ১১১ তম সিন্ডিকেটে ওই শিক্ষকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে বলা হয়। 


রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, ছয় শিক্ষকের মধ্যে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেন, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ ও সহযোগী অধ্যাপক মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী।


পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাসের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা ১৫ লাখ ৪ হাজার ৬০২ টাকা এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেনের কাছে পাওনা ২৩ লাখ ৩৫ হাজার ৬১৮ টাকা এবং বাকি চার শিক্ষকের কাছে আর্থিক পাওনার হিসাব প্রক্রিয়াধীন। 


এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, 'শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও তারা ফিরে না আসায় আমরা তাদেরকে মূল পদ থেকে অব্যাহতি দিয়েছি। তাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যা পাওনা রয়েছে, সেই সব অর্থের লেনদেন শেষ করার জন্য তাদেরকে আবারও চিঠি দেওয়া হচ্ছে। এসব সম্পন্ন হওয়ার পরে তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে।'

ডেইলি-বাংলাদেশ/কুবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!