ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিখোঁজের পরদিন হলুদ ক্ষেতে  মিলল ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ৬ অক্টোবর ২০২৬
নিখোঁজের পরদিন হলুদ ক্ষেতে  মিলল ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ
হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ

 

‎
‎পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে সুপ্রভাত মদক(৩৮)নামক এক হোটেল ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিখোঁজের একদিন পর ওই ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে বাড়ির পেছনে হলদের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ‎নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি বানিজ্যকেন্দ্র কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসায়ী ছিলেন। আমিনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন। ‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার(৫ অক্টোবর) ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন সুপ্রভাত মদক। বিকেলে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখান। ডাক্তার দেখানো শেষে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন, তিনি পরে যাবেন বলে। এরপর আর সুপ্রভাত মদক তার ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে যাননি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা পুলিশকে জানান। এরপরই পুলিশ ওই ব্যবসায়ীর সন্ধানে মাঠে নামে।পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া গেলেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার নম্বরে আবার ফোন আসলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ‎এরপর মঙ্গলবার(৬ অক্টোবর) সকালে বাড়ির পাশে হলুদের ক্ষেতে আগুনে ঝলসানো সুপ্রভাত মদকের লাশ দেখেন স্থানীয়রা। ‎খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে কারা, কী কারণে ওই ব্যবসায়ীকে হত্যা করেছে তা পুলিশ এমনকি স্বজনরাও বলতে পারছেনা। 
আমিনপুর থানার ‎ওসি ফজলে এলাহী‎ বলেন, তাকে হত্যা করা হয়েছে এটি নিশ্চিত। তবে তাকে হত্যার আগে আগুনে ঝলসানো হয়েছে নাকি হত্যার পর তার শরীরে আগুন ধরানো হয়েছিল সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 


 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!