নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে পাঁচ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে বাড়ির পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আরাফাত মোল্যা দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে মাদকের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তারা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগ তুলে প্রচার করছেন।
তবে পুলিশের দাবি, মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, মাদক বেচাকেনার দ্বন্দ্বে একই গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪ থেকে ৫ জন মিলে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।