ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ২৩ নভেম্বর ২০২৬
পাবনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি- ডেইলি বাংলাদেশ

  

পাবনা সদর উপজেলার হাজিরহাট এলাকা থেকে মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার বিকেলে অভিযান চালিয়ে মো. শরিফুল্লাহ মিলন (৪২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শরিফুল্লাহ মিলন পাবনা সদর উপজেলার হাজিরহাট এলাকার মাদার বাড়ি গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে।

 

এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২), পাবনার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে একটি দল হাজিরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় শরিফুল্লাহ মিলনকে গ্রেপ্তার করা হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ২৮ জুন পাবনা সদর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (মামলা নম্বর-১২১, জিআর-৬৩৮/১৮) আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) ধারার ৯(খ) উপধারায় তিনি দণ্ডিত হন।

 

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলায় পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসআরবি জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।  

 

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!