হকার উচ্ছেদের খবর সংগ্রহকালে সাংবাদিককে মারধর, ডিএমপিতে অভিযোগ
রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদ অভিযানের পেশাগত সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিককে মারধর, ফোন ছিনিয়ে নেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে মিরপুর ১০ নম্বরের ‘আল বারাকা রেস্টুরেন্ট’-এর সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের নাম মো. রবিউল ইসলাম রুবেল।
ভুক্তভোগী জানান, সহকারী পুলিশ কমিশনার (এসি) বাশারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে মিরপুর মডেল থানার এসআই আলামিন ও কয়েকজন কনস্টেবল অহেতুক তার ওপর চড়াও হন। প্রেস আইডি কার্ড দেখানোর পরও এসআই আলামিন দুর্ব্যবহার করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় তার গুরুত্বপূর্ণ একটি সাউন্ড ডিভাইস হারিয়ে যায়।
.png)
পরে এসি বাশার ভুক্তভোগীকে সাংবাদিক হিসেবে চিনতে পারলেও এসআই আলামিন তালুকদার উগ্র আচরণ অব্যাহত রাখেন। মিরপুর মডেল থানার ওসি হাফিজ ঘটনাস্থলে পৌঁছে রবিউলের পরিচয় নিশ্চিত করে পুলিশ সদস্যদের সরে যেতে বলেন। তবে জ্যেষ্ঠ কর্মকর্তার নির্দেশ তোয়াক্কা না করে এসআই আলামিনের উপস্থিতিতেই পিছন থেকে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিকের ওপর অতর্কিত হামলা ও নির্যাতন চালায়। এ ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে।
এ ঘটনায় বিচার চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এবং উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এতে অভিযুক্ত এসআই আলামিনসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
ডিএমপি কমিশনার কার্যালয় ও মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার জানান, লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।