ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই বার্তা তারেক রহমান তার এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক এই কামনা করি।’

Advertisement

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পোস্টে নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়। বার্তায় ভারতের জনগণের প্রতি মোদির সেবার প্রসঙ্গ উল্লেখ করে তার সুস্বাস্থ্য ও উদ্যম কামনা করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছার জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ধন্যবাদ জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, ‘উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। আপনার সদয় কথার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

মোদির এই বার্তাটি ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে। ফলে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি প্রকাশ্যে আসে।

নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাট রাজ্যের ভাদনগরে জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার তার ৭৬তম জন্মদিন পালিত হয়। তিনি ২০১৪ সালের মে মাস থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালের অক্টোবর থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন।

জন্মদিন উপলক্ষে ভারতের বিভিন্ন পর্যায়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানানো হয়। আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন দেশের নেতারা তাকে শুভেচ্ছা জানান বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তারেক রহমানের এই শুভেচ্ছা বার্তা এমন সময়ে এলো, যখন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতপার্থক্য সামনে এলেও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলমান রয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। ১০ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে জানা যায়, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন।

এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দুই দফায় আমন্ত্রণ জানানো হলেও ঢাকার পক্ষ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি।

এমন প্রেক্ষাপটে দুই দেশের সরকারপ্রধানের জন্মদিনের শুভেচ্ছা বিনিময়কে দ্বিপক্ষীয় যোগাযোগের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে এই শুভেচ্ছা বার্তার বাইরে দুই সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো নতুন দ্বিপক্ষীয় উদ্যোগ বা সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!