সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৯ মাসে ৭ হাজারের বেশি কল
আইনি পরামর্শ, মামলা-সংক্রান্ত তথ্য ও আদালতের বিভিন্ন অনিয়মের অভিযোগ জানাতে চলতি বছরের প্রথম নয় মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি কল এসেছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে এসব কল করা হয়।
সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শুধু সেপ্টেম্বর মাসেই হেল্পলাইনে ৭৭৪টি কল আসে। এর মধ্যে আইনি পরামর্শের জন্য ১১১টি এবং মামলা-সংক্রান্ত তথ্য জানতে ১৮৪টি কল করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া সেপ্টেম্বরে ১০৩ নম্বরে কল করেও সাড়া পাওয়া যায়নি, এমন কলের সংখ্যা ছিল ৩৮০টি।
একই মাসে সুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা দিতে বিলম্ব এবং অসদাচরণের অভিযোগে ২০টি কল আসে।
এসব অভিযোগের মধ্যে আইনি সেবা পেতে বিলম্ব, রায়ের অনুলিপি না পাওয়া, নথি হারিয়ে যাওয়া এবং মামলা দ্রুত নিষ্পত্তি-সংক্রান্ত ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি ছয়টি অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সেপ্টেম্বরে ৭৯টি কল আসে। অভিযোগগুলো সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
প্রধান বিচারপতির নির্দেশে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়।
বর্তমানে ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে ফোনকল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ১০৩ নম্বরেও সেবা চালু রয়েছে।