উচ্চ শিক্ষিতদের কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে উপযুক্ত পরিবেশ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১১ অক্টোবর) গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, উচ্চশিক্ষিত তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গবেষণার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনা ও গবেষণার জন্য বাজেটও বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক শ্রমবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট কাজের সুযোগ কাজে লাগাতেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।
এর আগে আইইউটির ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ।
অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. হোসেন আরাবি নূরসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথি, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তাঁরা সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের সততা ও নৈতিকতা বজায় রাখা, আজীবন শেখার মানসিকতা গড়ে তোলা এবং অর্জিত জ্ঞান সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন।