প্রশিক্ষণ ছাড়াই শিক্ষকতা করছেন আড়াই লাখের বেশি শিক্ষক
দেশে শিক্ষক নিয়োগের আগে পেশাগত প্রশিক্ষণের বাধ্যতামূলক ব্যবস্থা নেই। চাকরিতে যোগ দেওয়ার পর শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ফলে মাধ্যমিক, মাদরাসা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষক এখনো মৌলিক প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক ছিলেন ৩ লাখ ৪ হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৫৯ দশমিক ৪৮ শতাংশ। অর্থাৎ ৪০ দশমিক ৫২ শতাংশ বা প্রায় ১ লাখ ২৩ হাজার শিক্ষক এখনো প্রশিক্ষণের বাইরে রয়েছেন।
.png)
মাধ্যমিক পর্যায়ে পুরুষ শিক্ষকদের ৬২ দশমিক ৭০ শতাংশ এবং নারী শিক্ষকদের ৫২ দশমিক ৭৯ শতাংশ প্রশিক্ষণপ্রাপ্ত।
মাদরাসা শিক্ষায় পরিস্থিতি আরও পিছিয়ে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে মাদরাসা শিক্ষক রয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৭৫ জন। তাদের মাত্র ১০ থেকে ১২ শতাংশ প্রশিক্ষণপ্রাপ্ত। ২০২৪ সালে এই হার ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক রয়েছেন ১ লাখ ১০ হাজার ১৫১ জন। তাদের প্রায় ২০ শতাংশের কোনো প্রশিক্ষণ নেই।
সব মিলিয়ে সরকারি বেতন-ভাতা পাওয়া প্রায় আড়াই লাখ শিক্ষক ফাউন্ডেশন প্রশিক্ষণ ছাড়াই শিক্ষকতা করছেন বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অনেক দেশেই শিক্ষকতায় প্রবেশের আগে পেশাগত প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। বাংলাদেশে নিয়োগের পর প্রশিক্ষণের ব্যবস্থা থাকায় অনেক শিক্ষক দীর্ঘদিন প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন। এতে শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষণদক্ষতা প্রয়োগে ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেন, শিক্ষক নিয়োগের আগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে প্রার্থীরা নিজেরাই পেশাগত প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে আগ্রহী হবেন। পাশাপাশি যেসব শিক্ষক এখনো প্রশিক্ষণ পাননি, তাদের প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান শ্রেণিকক্ষে যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না, সেটিও সরকারকে নজরদারিতে রাখতে হবে।
এদিকে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে ‘মাধ্যমিক শিক্ষায় শিখন ত্বরান্বিতকরণ’ (লেইস) প্রকল্পের আওতায় ৩ লাখ ৬৭ হাজার ৪৯০ জনকে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি ফাউন্ডেশন কোর্স নয়।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। ২০২৬ সালের দিবসটি ১৯৬৬ সালের আইএলও-ইউনেস্কো শিক্ষকদের মর্যাদা-সংক্রান্ত সুপারিশমালার ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ তাৎপর্য বহন করছে।