ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পাঠদানের সময় শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহারের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের।
সংসদে শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।