ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

১০ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩২, ১৯ নভেম্বর ২০২৬
১০ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী শত শত গাড়ির চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার অ্যাগ্রোর পোলট্রি খাদ্যবোঝাই একটি কাভার্ডভ্যান উল্টে যায়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে আরও দুটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের তীব্রতা বাড়ে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানবাহন আটকে রয়েছে।

যানজটে আটকে পড়া ট্রাকচালক সুজা উদ্দিন বলেন, তিনি গাজীপুর থেকে চট্টগ্রাম যাচ্ছেন। বড়তাকিয়া এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে আটকে আছেন। কখন যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বুঝতে পারছেন না।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর যানজটের সৃষ্টি হয়। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!