প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। স্থগিত পরীক্ষার নতুন তারিখ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’
শনিবার সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষা আয়োজনের জন্য রাজধানীতে প্রায় ১০০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।
তবে পরীক্ষা শুরুর আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, একটি চক্র আগেই প্রশ্ন ও উত্তর সংগ্রহ করে পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করছে। এ অভিযোগের পর নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর পরীক্ষা স্থগিতের বিষয়ে আলোচনা শুরু করে অধিদপ্তর। পরে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানান ডি এম আতিকুর রহমান।
তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা সম্পর্কে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত বা নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। নতুন পরীক্ষার তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন নিয়োগপ্রত্যাশীরা।