ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: প্রতিমন্ত্রী
ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ দেবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ভারত চুক্তিটি গ্যারান্টি ক্লজ যুক্ত করে নবায়ন করবে এবং অভিন্ন নদীগুলোর পানি হিস্যা অনুযায়ী বণ্টন নিশ্চিত করবে বলে তিনি আশা করেন। এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বিতর্কের অবসান হবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সমর্থন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ভারত গ্যারান্টি ক্লজ যুক্ত করে ফারাক্কা চুক্তি নবায়ন করলে সেই বিতর্কের অবসান ঘটবে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও প্রমাণিত হবে।
এ সময় পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে দ্বিতীয় করতোয়া সেতু
মীরগড়ের কাঠের সেতু এলাকায় করতোয়া নদীর ওপর নতুন সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ায় প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান স্থানীয় বাসিন্দারা। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা।
জানা গেছে, গত বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সড়কের করতোয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।
সেতুটি নির্মিত হলে নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের কাজে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
পরে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংবলিত লিফলেট বিতরণ করেন।