ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রীপুরে গুলি ছুড়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই, মামলা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ১১ অক্টোবর ২০২৬
শ্রীপুরে গুলি ছুড়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাই, মামলা
মামলা

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের গতিরোধ করে গুলি ছুড়ে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার প্রায় এক দিন পর শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর থানায় মামলাটি করেন প্রতিষ্ঠানের মালিকের প্রতিনিধি মো. সুমন মিয়া। এতে অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ তিন কর্মী আহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। তিনি জানান, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
পুলিশ ও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ১০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা একটি প্রাইভেট কারের গতিরোধ করে। পরে চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি ছোড়ে তারা। এতে গাড়িতে থাকা ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক মো. হিমেল (২৯) গুলিবিদ্ধ হন। গাড়িচালককে মারধর এবং আরেক ব্যবস্থাপক মো. ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়।

প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার মো. রিফাত জানান, তাঁরা নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে টাকা সংগ্রহ করে মাওনা চৌরাস্তার দিকে ফিরছিলেন। পথে কর্ণপুর এলাকায় তাঁদের গাড়ির গতিরোধ করা হয়। গাড়িতে টাকা ভর্তি তিনটি বস্তা ছিল। এর মধ্যে দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, তিনটি বস্তায় মোট চার কোটি টাকা ছিল। ছিনতাইকারীরা দুটি বস্তা নিয়ে যাওয়ার পর অবশিষ্ট বস্তায় এক কোটি ৭০ লাখ টাকা পাওয়া যায়। ছিনতাই হওয়া দুই কোটি ৩০ লাখ টাকা মাওনা চৌরাস্তার ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ কর্তৃপক্ষের।
গুলিবিদ্ধ হিমেলকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। গুরুত্বসহকারে তদন্তের কাজ চলছে।

 

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!