প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মারুবেনির প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন। একই সঙ্গে দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) স্থাপনের সম্ভাবনা নিয়েও আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১১ অক্টোবর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে গণমাধ্যমকে জানান।
বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে মারুবেনি কর্পোরেশনের বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের পাটজাত পণ্যের সঙ্গে মারুবেনির দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
আলোচনায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে দেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।
প্রকৌশল স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তুলতে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিযোগিতামূলক সেবার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
বৈঠকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। প্রস্তাবিত এ উদ্যোগে মারুবেনি কর্পোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা পর্যালোচনা করা হয়।

এ ছাড়া কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর বিষয়েও উভয়পক্ষ মতবিনিময় করে। কৃষি খাতে প্রযুক্তিনির্ভর উন্নয়ন ত্বরান্বিত করতে মারুবেনির বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সার উৎপাদন খাতে সহযোগিতার অংশ হিসেবে কাফকোতে মারুবেনি কর্পোরেশনের বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি উঠে আসে। পাশাপাশি দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে জাপানি প্রতিষ্ঠানটি আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলে আরও ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।